শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 2:28 pm

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

বাংলাদেশ যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ যুবলীগের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এই মিছিল হয়। যার কিছু ভিডিও সামাজাকি যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলের সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন। এছাড়া নেতাকর্মীরা ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাহারের দাবি করা হয়।

ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া জানান, মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিছিলটি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে পুলিশ বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

The Daily Sarod |