অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 7:13 pm
নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের নতুন পাড়ায় প্রায় এক হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান করে জমিতে চাষাবাদের সুযোগ দেওয়া না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
বৃহস্পতিবার দুপুরে গ্রামের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, গ্রামের পূর্ববিরোধকে কেন্দ্র করে গত ৩ অক্টোবর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ অক্টোবর নবীনগর থানায় একটি মামলা হয়। এরপর নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শামীম ফোন করে কৃষক ওবায়দুলকে জমিতে চাষাবাদ না করার নির্দেশ দেন। এর পর থেকেই জমিতে চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
কৃষকেরা জানান, চলতি মৌসুমে এসব জমিতে আলু, শসা, বেগুন, বাদাম, সরিষা ও মরিচসহ বিভিন্ন ফসল চাষের প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু চাষাবাদ করতে না পারায় তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমির ফসল বিক্রির আয়ের ওপর নির্ভর করেই চলে তাঁদের সংসার। সময়মতো আবাদ করতে না পারলে শুধু আর্থিক ক্ষতিই নয়, সারা বছরের পরিশ্রম ও পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়বে।
কৃষকদের ভাষ্য, আগামী তিন-চার দিনের মধ্যে জমিতে চাষাবাদ শুরু করতে না পারলে অনেকেরই চলতি মৌসুমে ফসল উৎপাদনের সুযোগ শেষ হয়ে যাবে। এতে তাঁদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে কৃষকেরা বলেন, তাঁরা কোনো বিরোধে জড়াতে চান না। জমিতে চাষাবাদ করে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে চান। সময়মতো ফসল আবাদ করতে না পারলে তাঁদের সব স্বপ্ন ভেঙে যাবে। তাই দ্রুত সমস্যা সমাধান করে জমিতে চাষাবাদের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, কৃষক মাহমুদ আলী, লেয়াকত আলী, তাজু মিয়া, রহমত উল্লাহ ব্যাপারী ও কৃষাণী ময়না বেগমসহ স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে নবীনগর থানার এস আই শামীম আহমেদ জানান সংঘর্ষ এড়াতে জমি চাষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, কোনোভাবেই কৃষিজমি অনাবাদি রাখা যাবে না। বিষয়টি সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:১৩ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya