অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:05 pm
বিজয়নগরে একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় এক কোটি দুই লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১০ টন ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট।
এ সময় অবৈধ পণ্য বহনকারী কাভার্ড ভ্যানটিও আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবির সরাইল ২৫ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
পরে ভ্যানটি থেকে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। এসব পণ্য ও যানবাহন আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে তাদের দায়িত্বপূর্ণ এলাকার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টহল এবং গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরো জোরদার করা হয়েছে। আমাদের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:০৫ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya