অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:06 pm
স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি। পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্বেও টাকা মারার জন্য মেশিন এনেছে। লোকবল নাই, সেই মেশিন ফেলে রেখেছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জন্য শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মোবাইল হেলথ ক্লিনিক চালু করা হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা এখন রেডিওথেরাপির মেশিন আনছি। এজন্য লোকবল আগেই প্রস্তুত করে ফেলেছি৷ কিন্তু তারা (আওয়ামী লীগ) সেটা করেনি। খুলনায় ফেলে রেখেছে ১৮ কোটি টাকার মেশিন। বাংকার ছাড়া এমআরআই হয়না। বাংকার নাই অথচ মেশিন এনেছে টাকা খাওয়ার জন্য। সেই মেশিন এখন ভাঙারি বোর্ড। বাদাম খেতে হবে বিক্রি করে।
তিনি আরও বলেন, আমরা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। শয্যা সংখ্যা বৃদ্ধি করছি। প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কার্যক্রম গ্রহণ করছি। আমরা ডায়ালাইসিস মেশিন বৃদ্ধি করছি। সকল পর্যায়ে আমরা একটু একটু করে আগাচ্ছি। জনবল প্রস্তুত করছি আর সেবার পরিধি বাড়াচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম প্রমুখ।
Posted ৬:০৬ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya