অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 7:07 pm
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম।
প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম খাদেম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে জামায়াতের কর্মীদের হত্যা করে। ওই হত্যাকাণ্ডে জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. এম এ হানিফ, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মো. রোকন উদ্দিন এবং জেলা জামায়াতের এইচআরডি সম্পাদক মো. রাজিবুল হাসান বাপ্পীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মিছিল-পরবর্তী বক্তব্যে সভাপতির বক্তব্যে মাওলানা মো. মোবারক হোসাইন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই দিন জামায়াতে ইসলামীর সমাবেশে নিরস্ত্র কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা হত্যাকাণ্ডের পর লাশের ওপর নৃত্য করে উল্লাস প্রকাশ করেছিল।
তিনি আরও বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সমাবেশ থেকে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
Posted ৭:০৭ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya