অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:54 am
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগের জন্য আজ শুক্রবার (৬ নভেম্বর) থেকে আবেদন শুরু হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১২২ জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীকে অর্থ ব্যয় করতে হবে না। প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
Posted ১১:৫৪ এএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya