জেলা প্রশাসকের চিঠিতে মিললো সাড়া, বিপ্লবী উল্লাসকরের জন্মভিটা হবে সংরক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : ১:১০ পূর্বাহ্ণ

জেলা প্রশাসকের চিঠিতে মিললো সাড়া, বিপ্লবী উল্লাসকরের জন্মভিটা হবে সংরক্ষণ

দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানাধীন ও অস্তিত্ব সংকটে থাকা ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের প্রচেষ্টায় সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

শতবর্ষী এই বাড়িটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নসম্পদ সংরক্ষণ শাখার মহাপরিচালক চন্দন কুমার দের সই করা চিঠি গত বৃহস্পতিবার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অগ্নিগর্ভ বাংলার অন্যতম বিপ্লবী উল্লাসকর দত্তের সর্বশেষ স্মৃতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন থেকে তদন্ত দল গঠন করে। পরবর্তীতে তদন্ত দলের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করলে এই উদ্যোগ নেয় প্রত্নতত্ত্ব বিভাগ।

এর আগে, জরাজীর্ণ ঐতিহাসিক ভবনটির সামনের অংশের খালি জায়গায় পাকা ভবন তৈরি করে ঢেকে ফেলার চেষ্টা করেছিলেন ক্রয়সূত্রে বাড়িটির মালিক দাবি করা কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদুর রহমান।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠিতে বলা হয়, জেলা প্রশাসন থেকে গত ৭ ডিসেম্বর তাদের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্তের জীবন ও কর্মের সাক্ষী হিসেবে তার বসতভিটার ঐতিহাসিক গুরুত্ব থাকার কথা উল্লেখ করা হয়। প্রত্নসম্পদ আইন ১৯৬৮ মোতাবেক, সংরক্ষণ করা যায় এমন প্রতিবেদন পাওয়া গেছে।

কোনো পুরাকীর্তি সংরক্ষণের ক্ষেত্রে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনের নির্ধারিত ছকে সুস্পষ্ট মতামত ও ভূমি তফসিল থাকা প্রয়োজন। উল্লাস করের এই বসতভিটা সংরক্ষিত ঘোষণার গেজেট জারি হওয়ার পর বাজেট পাওয়া সাপেক্ষে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

প্রায় ৩৩ বছর পর এই বিপ্লবীর জন্মভিটা সংরক্ষণের উদ্যোগকে সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, ‘অগ্নিযুগের এই অগ্নিপুরুষের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জরাজীর্ণ বাড়ির স্মৃতি সংরক্ষণ জরুরি। তার বাড়ি ঢেকে দিয়ে নতুন করে যে পাকা স্থাপনা করার কাজ চলছিল, তা যদি শেষ হতো তাহলে বাড়িটি উদ্ধারের প্রক্রিয়া আর কার্যকর করা যেত না।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন বলেন, ‘লন্ডন থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত পণ্ডিত দ্বিজ দাস দত্তের ছেলে উল্লাসকর দত্ত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী। আলীগড় মামলার আসামি ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে যার বিশাল অবদান, তার বাড়ির অস্তিত্ব এভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে যারা নিয়ে গিয়েছিলেন তাদের বিচার হওয়া উচিত।’

সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেন, ‘এই বাড়িটির সঙ্গে সরাইল তথা বাংলাদেশ ও উপমহাদেশের ইতিহাস জড়িত। ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী উল্লাসকর দত্তের অবদান ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ব্রিটিশদের অস্ত্রাগার, সরকারি ডাক লুণ্ঠনের মাধ্যমে যিনি আন্দোলন চালিয়ে রেখেছিলেন, তার বাড়িটি উদ্ধার করে জাদুঘর প্রতিষ্ঠা করা হোক।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘এই বাড়ির মালিকানার বিষয়ে খোঁজ নিতে প্রথমে স্থানীয় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে পাকা ভবন তৈরির কাজ বন্ধ করে দেন।প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে যে নির্দেশনা দেওয়া আছে, সে অনুযায়ী বাড়িটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’

তিনি আরও বলেন, ‘এটা ব্রাহ্মণবাড়িয়াবাসির অর্জন। সম্মিলিত প্রচেষ্টায় বাড়িটি সংরক্ষণ করা সম্ভব হয়েছে।’

Facebook Comments Box

Posted ১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

dainiksarod |