অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 7:59 pm
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সরকারি ফোন নাম্বার ব্যবহার করছেন তারঁ স্ত্রী। সম্প্রতি সরাইলের বড্ডাপাড়ায় সংঘর্ষ সম্পর্কে জানতে সরকারি নাম্বারে ফোন করলে রিসিভ করেন তাঁর স্ত্রী। অভিযোগ রয়েছে, জেলার অন্যসব থানার ওসিরাও সাংবাদিকদের ফোন রিসিভ করেন না। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমের কাছে এ সব অভিযোগ তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সম্প্রতি সরাইলের ওসির সরকারি নাম্বারে ফোন করলে রিসিভ করেন ওসির স্ত্রী। তিনি পরামর্শ দেন ওসির বিকল্প ব্যক্তিগত নাম্বারে ফোন করার। এ সংক্রান্ত কল রেকর্ডও পুলিশ সুপারকে শুনান প্রেস ক্লাব সভাপতি।
জেলার প্রায় সব থানার ওসিরাই এড়িয়ে চলেন সাংবাদিক।
এছাড়াও মাদক চোরাচালান ও মাদক ব্যবসার ভয়াবহ অবস্থা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব, চুরি বৃদ্ধিসহ জেলার আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে জেলার পুলিশ প্রধানের সহযোগিতা কামনা করেন।
নতুন পুলিশ সুপার ফাহিম জেলায় মাদক চোরাচালান, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, অবৈধ অস্ত্র ও সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের উপরও গুরুত্বারোপ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। এ জেলায় অনেক গুণী মানুষের বসবাস। তবে বর্তমান প্রেক্ষাপটে কিশোর গ্যাং, মাদকাসক্তি, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, গোষ্ঠীগত দাঙ্গাসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশ কাজ করছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলামও বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রেজা, অতিরিক্ত পুুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। ক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সভায় অন্যান্যের বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, সাংবাদিক মোঃ আরজু, মনজুরুল আলম, শেখ সহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আকরাম, আবদুন নূর, আল-আমীন শাহীন, মফিজুর রহমান লিমন, মোঃ শাহাজাদা, উজ্জ্বল চক্রবর্তী, নজরুল ইসলাম ভূইয়া, বিশ্বজিৎ পাল বাবু, শাহাদৎ হোসেন, আশেক মান্নান হিমেল, আজিজুল সঞ্চয়, আবুল হাসনাত রাফি, মোজাম্মেল হক প্রমুখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya