জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 1:37 am
ব্রাহ্মণবাড়িয়া শহরের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগী দেখা সেই বেসরকারি হাসপাতালটির বিরুদ্ধে এখনো নেওয়া হয়নি কোন ব্যবস্থা। কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়নি তার সংস্পর্শে আসা রোগী ও হাসপাতালের স্টাফদের। একাধিকবার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরও চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ের হলি ল্যাব হাসপাতাল নামের বেসরকারি ক্লিনিকে রোগী দেখেছেন। তার কর্মস্থল হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে থাকতে ছুটি দেওয়া হয়। কিন্তু আইসোলেশনে না থেকে রোববার বিকেল পর্যন্ত সেই চিকিৎসক বেসরকারি চেম্বারে ৩০জন রোগীর চিকিৎসা দিয়েছেন। করোনা ভাইরাস পজিটিভ নিয়ে রোগী দেখার খবরে সাংবাদিকরা সেই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারের উপস্থিত হলে অবশেষে তিনি বাসায় ফিরে যেতে বাধ্য হন। ঝুঁকিতে পড়েন তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীরা। ঘটনার ২৪ঘন্টা অতিবাহিত হলেও হাসপাতালটিকে লকডাউন করা হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ নিয়মিত রোগী দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ের হলি ল্যাব হাসপাতাল নামের বেসরকারি ক্লিনিকে। শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় গত ১৪জুন চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথে স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে নমুনা প্রদান করেন। করোনার এন্টিজেন পরীক্ষায় তার স্ত্রীর পজিটিভ আসে। এরপর চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ করোনার এন্টিজেন পরীক্ষা করলে তার নেগেটিভ আগে। কিন্তু ঢাকায় পাঠানো নমুনার পিসিআর ল্যাব রিপোর্টে চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ পজিটিভ হন। এর কিছুদিন পর তিনি আবার এন্টিজেন টেস্ট করালে তার নেগেটিভ আগে। একই নমুনা ঢাকায় পাঠালে ২৬ জুন শনিবার আসা রিপোর্টে চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথের করোনা ভাইরাস পজিটিভ আসে। রোববার বিকেলে জেলা শহরের কুমারশীল মোড়ে তার ব্যক্তিগত চেম্বারে গিয়ে দেখা যায় অর্থোপেডিক চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
এই সংক্রান্ত আরও পড়ুনঃ করোনা হওয়ায় হবিগঞ্জ হাসপাতাল থেকে ছুটি, ব্রাহ্মণবাড়িয়ায় রোগী দেখছেন চিকিৎসক
বিষয়টি জানাজানি হলে রোববার বিকেলে সাড়ে ৫টা পর্যন্ত ৩০জন রোগিকে চিকিৎসা দিয়ে তিনি চেম্বার ফেলে চলে যান। ফলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন তার কাছে সেবা নিতে আসা রোগী, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্টাফরা।

এই ঘটনার ২৪ঘন্টা অতিবাহিত হলেও করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক চিকিৎসা দেওয়া হাসপাতাল হলি ল্যাবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। লকডাউন করা হয়নি হাসপাতালটিকে। এছাড়া কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়নি তার সংস্পর্শে আসা রোগী ও হাসপাতালের স্টাফদের। সোমবার (২৮জুন) চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ না আসলেও বেসরকারি এই হাসপাতালটিতে অন্যান্য চিকিৎসকরা রোগী দেখেছেন। ফলে বেড়েই চলেছে এই হাসপাতালে আসা রোগীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন,’করোনা নিয়ে কোন চিকিৎসক রোগী দেখলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অবশ্যই থাকে। আমরা এই বিষয়ে হাসপাতালটিকে বিকেলে চিঠি পাঠিয়েছি’।
জানতে চাইলে হলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু কাউসার বলেন,’এই বিষয়ে আমাদেরকে কোন প্রকার চিঠি দেওয়া হয়নি’।
এদিকে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘ডাক্তার শ্যামল রঞ্জন দেবনাথ করোনা আক্রান্ত থাকায় তাকে আইসোলেশনে থাকতে ছুটি দেওয়া হয়েছে। তিনি ছুটিতে গিয়ে যদি আইসোলেশনে না থেকে বেসরকারি চেম্বারে রোগী দেখে থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও দ্রুত আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো’।
Posted ১:৩৭ এএম | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya