জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৭ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 11:58 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগী দেখে যাচ্ছেন। অথচ তাকে তার কর্মস্থল হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে থাকতে ছুটি দিয়েছেন। কিন্তু আইসোলেশনে না থেকে রোববার বিকেল পর্যন্ত সেই চিকিৎসক বেসরকারি চেম্বারে রোগীর চিকিৎসা দিয়েছেন। করোনা ভাইরাস পজিটিভ নিয়ে রোগী দেখার খবরে সাংবাদিকরা সেই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারের উপস্থিত হলে অবশেষে তিনি বাসায় ফিরে যেতে বাধ্য হন। করোনা আক্রান্ত হয়ে রোগী দেখার বিষয়টি জানাজানি হলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতংকিত হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ নিয়মিত রোগী দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ের একটি বেসরকারি ক্লিনিকে। শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় গত ১৪জুন চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথে স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে নমুনা প্রদান করেন। করোনার এন্টিজেন পরীক্ষায় তার স্ত্রীর পজিটিভ আসে। এরপর চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ করোনার এন্টিজেন পরীক্ষা করলে তার নেগেটিভ আগে। কিন্তু ঢাকায় পাঠানো নমুনার পিসিআর ল্যাব রিপোর্টে চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ পজিটিভ হন। এর কিছুদিন পর তিনি আবার এন্টিজেন টেস্ট করালে তার নেগেটিভ আগে। একই নমুনা ঢাকায় পাঠালে গতকাল শনিবার আসা রিপোর্টে চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথের করোনা ভাইরাস পজিটিভ আসে।
রোববার বিকেলে জেলা শহরের কুমারশীল মোড়ে তার ব্যক্তিগত চেম্বারে গিয়ে দেখা যায়, বাইরে রোগীর প্রচন্ড ভীর। সিরিয়াল অনুযায়ী ২/৩জন করে রোগী অর্থোপেডিক চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথের কক্ষে ঢুকানো হচ্ছে। এসময় সিরিয়াল ম্যান জানান, চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ আজ রোববার ৫৩জন রোগীকে চিকিৎসা দেবেন। এরমধ্য বিকেলে সাড়ে ৫টা পর্যন্ত ৩০জন রোগিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন তার কাছে সেবা নিতে আসা রোগীরা।
সাংবাদিক পরিচয় দিয়ে এই প্রতিবেদক চেম্বারের ভেতরে ঢুকে দেখে আরও ৩/৪জন রোগী ভেতরে বসে আছেন।
এসময় ডা. শ্যামল রঞ্জন দেবনাথ বলেন, আমি কিছুক্ষণ আগে আবার পজিটিভ হওয়ার বিষয়টি জেনেছি। আমি তো রোগীদের আগেই সময় দিয়ে রেখে ছিলাম। আরও কিছু রোগী আছে। তাদেরকে দেখে আমি চেম্বার বন্ধ করে দিব।
সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন জানান, আমরা পিসিআর রিপোর্ট পাওয়ার পর আক্রান্তদের সাথে ফোনে যোগাযোগ করি। এছাড়াও ঢাকা থেকে এসএমএস পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর ডা. শ্যামলকে পজিটিভ হওয়ার বিষয়টি আমাদের চিকিৎসকরা রোববার দুপুরের আগেই জানিয়েছিল।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, বিষয়টি আমি অবগত নয়। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো। তবে করোনা পজিটিভ নিয়ে একজন চিকিৎসকের চেম্বার করা ঠিক হয়নি।
হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘ডাক্তার শ্যামল রঞ্জন দেবনাথ করোনা আক্রান্ত থাকায় তাকে আইসোলেশনে থাকতে ছুটি দেওয়া হয়েছে। তিনি ছুটিতে গিয়ে যদি আইসোলেশনে না থেকে বেসরকারি চেম্বারে রোগী দেখে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও দ্রুত আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো’।
Posted ১১:৫৮ পিএম | রবিবার, ২৭ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya