অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 4:03 pm
লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা খুবই পছন্দ করতেন ক্রিস্তিয়ানো রোনালদো। এ কথা অনেকবার বলেছেনও পর্তুগিজ তারকা। তবে সেই পছন্দ বা ভালোবাসার মাত্রাটা যে এতো উচুতে, সেটা বোঝা গেল এবার। স্পেন ছেড়ে ইতালিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির সঙ্গে দ্বৈরথটা খুব মিস করছেন রোনালদো। সেই মিস করার আগুনে পুড়ে মনে মনে স্বপ্নের মালা বুনছেন মেসির সঙ্গে আবার প্রত্যক্ষ দ্বৈরথের। তাই মেসিকে ইতালিতে যোগ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়ে বসলেন জুভেন্টাস তারকা।
গোপনে নয়, রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে চ্যালেঞ্জটা জানিয়ে বসলেন প্রকাশ্যেই। ইতালির জনপ্রিয় দুই ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত ও কোরিয়েরে দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো সরাসরিই বলেছেন মেসির সঙ্গে প্রত্যক্ষ দ্বৈরথের রোমাঞ্চ মিস করার কথা।
সেই ক্যারিয়ারের শুরু থেকেই মেসির সঙ্গে রোনালদোর দ্বৈরথ। তবে ২০০৯ সালে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে তাদের সেই দ্বৈরথ বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে হয়ে উঠে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। শুধু ফুটবলপ্রেমীরা নন, নিজেদের মধ্যকার দ্বৈরথটা উপভোগ করেন মেসি-রোনালদোও। তাদের দ্বৈরথ এখনো আছে। তবে এখন আর তাদের দ্বৈরথটা প্রত্যক্ষ নয়, পরোক্ষ। রিয়াল ছেড়ে রোনালদো পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। ফলে এখন তারা খেলেন আলাদা আলাদা দেশে, আলাদা লিগে।
৩৩ বছর বয়সী রোনালদো অকপটে স্বীকার করলেন মেসির সঙ্গে দ্বৈরথটা মিস করার কথা, ‘সম্ভবত আমি তাকে কিছুটা মিস করছি। আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি এবং পর্তুগালে খেলেছি। জাতীয় দলের হয়েও। কিন্তু সে (মেসি) স্পেনেই আছে।’ শুধু যে নিজে মিস করছেন তা নয়। রোনালদোর ধারণা, তার মতো মেসিও তাকে খুব মিস করছেন, ‘সম্ভবত তারও আমাকে খুব দরকার।’
তাদের প্রত্যক্ষ দ্বৈরথটা কি আবার কোনো দেখা যাবে? রোনালদো আবার স্পেনের লা লিগায় ফিরলেই খুলে যাবে সম্ভাবনার দুয়ার। কিন্তু একবার যেহেতু ছেড়ে এসেছেন, রোনালদোর তাই আবার স্পেনে ফেরার ইচ্ছা নেই। তাহলে? তিনি মেসিকেই জানিয়ে বসলেন ইতালিতে যোগ দেওয়ার চ্যালেঞ্জটা, ‘আমার মতে, জীবনটাই একটা চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং এই চ্যালেঞ্জই আমাকে সুখি করেছে। আমি আশা করব, সে (মেসি) কোনো একদিন ইতালিতে আসবে। যদি তেমনটা ঘটে, আমি তার চ্যালেঞ্জটা গ্রহণ করব। তবে হ্যাঁ, সে যদি সেখানেই (স্পেনে) সুখে থাকে, আমি এটাকে সম্মান করব।’
শুধু চ্যালেঞ্জ বা আমন্ত্রণ জানানো নয়, মেসির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী, ‘সে গ্রেট খেলোয়াড়। মানুষ হিসেবেও অসাধারণ। তবে আমি এখানে সবকিছুই মিস করছি না। বরং এটা আমার নতুন জীবন। এবং এ জন্য আমি সুখি।’
কথায় কথায় উঠে আসে ব্যালন ডি’অর প্রসঙ্গও। গত ১০ বছর ধরে ‘বিশ্বসেরা’র এই মুকুটটা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন মেসি-রোনালদো। দুজনেই জিতেছেন সমান ৫ বার করে। এবার তাদের সেই রাজত্বে হানা দিয়ে পুরস্কারটা জিতে নিয়েছেন রোনালদোরই সাবেক সতীর্থ লুকা মড্রিচ। রোনালদো হয়েছেন প্রথম রানারআপ। ব্যালন ডি’অরটা কি তার প্রাপ্য ছিল না, এমন প্রশ্নের জবাবে রোনালদোর চটজলধি উত্তর, ‘আমি মনে করি, প্রতি বছরই ব্যালন ডি’অর আমার প্রাপ্য। আমি সে জন্য কাজও করি। কিন্তু শেষ পর্যন্ত যদি এটা আমি না জিততে পারি, সিদ্ধান্তটাকে সম্মান জানাতেই হবে।’
কথার এক ফাঁকে সাবেক ক্লাব রিয়ালের চেয়ে বর্তমান ক্লাব জুভেন্টাসের ফুটবল চেতনা ভালো বলে দাবি করেছেন রোনালদো। বলেছেন রিয়ালের চেয়ে জুভেন্টাসের ড্রেসিংরুমের পরিবেশটা বেশি ভালো। বন্ধুসূলভ। পরিবারের চেয়েও বেশি কিছু, ‘মাদ্রিদের তুলনায় এই ক্লাবের সবকিছুই আলাদা। এটা একটা পরিবারের চেয়েও বেশি কিছু। আমি এখানে খুব সুখি।’
সূত্র: পরিবর্তন ডটকম
Posted ৪:০৩ পিএম | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya