স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:05 pm
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া কসবা শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে নলকূপ খননকালে পানি, গ্যাস ও বালি উদগীরণ হওয়া স্থল পরিদর্শন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
শুক্রবার সন্ধ্যায় গ্যাস উদগীরণ বন্ধ হওয়ার পর শনিবার সকালে পূণরায় গ্যাসের বুদ-বুদ উঠতে থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এসময় মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এখানে গ্যাসের লেয়ার মজুদ রয়েছে। যার কারণে পকেট আকারে গ্যাস উঠছে। ইতিমধ্যে পেট্রোবাংলাকে সিসমিক সার্ভের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজাদুর রহমান জানান,গ্যাস আতঙ্কে বুধবার থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রবিবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। তবে গ্যাসের বুদ-বুদ বন্ধ না হওয়ায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নলকূপ বসানোর স্থান দিয়ে গ্যাসের সঙ্গে বালি এবং পানি বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে স্কুলের মাঠ বালি পানিতে ঢেকে যায়। গ্যাসের চাপে বিদ্যালয়ের শহীদ মিনার, দেয়ালসহ আশপাশের বেশ কিছু গাছ ধসে পড়ে। আগুন আতঙ্কে অন্যত্র চলে যায় স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় উদগিরণ বন্ধ হলেও শনিবার সকালে আবারো গ্যাস উঠতে শুরু করে।
Posted ১১:০৫ পিএম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya