অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:30 pm
বড় স্বপ্ন নিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ড যাচ্ছিলেন এমিলিয়ানো সালা। ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির হয়ে খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগে। কিন্তু ইংলিশ চ্যানেলে সলিল সমাধি ঘটল আর্জেন্টাইন এই ফুটবলারের স্বপ্ন। তাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে তলিয়ে গেছে ২২০ ফুট পানির নিচে। স্বপ্নের সাথে মৃত্যু ঘটল ফুটবলার সালারও।
গত ২১ জানুয়ারি পাইলটসহ নিখোঁজ হয় সালাকে বহনকারী উড়োজাহাজ। সেসময় ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছিল উড়োজাহাজটি। শুরু হয় উদ্ধার তৎপরতা। কিন্তু ইংলিশ চ্যানেলের প্রতিকূল আবহাওয়ায় একসময় হার মানে উদ্ধারকারী দল। ২৪ জানুয়ারি অনুসন্ধান কাজের সমাপ্তি ঘোষণা করে ফরাসি কর্তৃপক্ষ।
কিন্তু হাল ছাড়েনি আরেকটি দল। ‘এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ’ নামে একটি দল অব্যাহত রাখে সালা ও তার উড়োজাহাজের উদ্ধার অভিযান। সফলও হয় তারা। রোববার ফ্রান্সের কাছাকাছি ইংলিশ চ্যানেলের দ্বীপ গুয়ের্নসিতে ওই নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায় তারা। পরদিন সোমবার ইংলিশ চ্যানেলের ২২০ ফুট নিচে উড়োজাহাজের বড় একটা অংশ খুঁজে পায়। সে সময় তাদের ক্যামেরায় উড়োজাহাজের ভেতর একটি দেহের ছবি ধরা পড়ে।

প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছিল উদ্ধার তৎপরতা। তবু হাল ছাড়েনি দলটি। বৃহস্পতিবার উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করে তারা। সেসময় অবশ্য নিশ্চিত হওয়া যায়নি মরদেহটি সালার না তার পাইলটের। পরে মরদেহটি নিয়ে যাওয়া হয় পোর্টল্যান্ড পোর্টে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে মরদেহটি ২৮ বছর বয়সী সালার।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ডরসেট পুলিশ জানিয়েছে, ‘মরদেহটি পোর্টল্যান্ড পোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ৭ ফেব্রুয়ারি, ২০১৯ আমরা নিশ্চিত হতে পেরেছি সেটি পেশাদার ফুটবলার এমিলিয়ানো সালারই।’
পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘আমরা দুই পরিবারের সঙ্গেই যোগাযোগ রাখছি। তারাও আমাদের সহায়তা করছে। দুই পরিবারের জন্যই আমাদের সমবেদনা রয়েছে।’ সূত্র: পরিবর্তন ডটকম
Posted ৩:৩০ পিএম | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya