অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 4:44 pm
আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের আশুগঞ্জ বাজারে স্থানীয় আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুরে গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চারজন বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সাথে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এর জের ধরে দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ শনিবার বিষয়টি মীমাংসা করতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে বিষয়টি মীমাংসা হলেও উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের সব দোকানপাট।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:৪৪ পিএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya