অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 6:17 pm
বড়দিনের কয়েক দিন আগে অসুস্থ শিশুদের চমকে দিলেন বারাক ওবামা। উপহারের ব্যাগ কাঁধে নিয়ে সান্তা ক্লজের সাজে বুধবার ওয়াশিংটনের একটি হাসপাতালে যান তিনি।
হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে দেখে কর্মকর্তা এবং শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। দারুণ সময় কাটিয়ে ওবামাও খুশি। নিজের টুইটার অ্যাকাউন্টে হাসপাতালে সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
“আমি সকল কর্মকর্তাকে ধন্যবাদ দিতে চাই। দারুণ কিছু ছেলেমেয়ে এবং তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞ” মন্তব্য করে ওবামা বলেন, “দুই মেয়ের বাবা হওয়ায় আমি সেই সব পরিবারের অবস্থা বুঝতে পারি, যাদের ছেলেমেয়ে হাসপাতালে দিন কাটাচ্ছে।”
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওবামা এখনো ওয়াশিংটনে থাকেন। গত বছর বড়দিনের আগে একটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের চমকে দেন তিনি।
সান্তা ক্লজ পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র। তাকে নিয়ে প্রচলিত একটি গল্প আছে। গরিব এক বাবা অভাবে পড়ে তিন মেয়েকে ক্রীতদাসী হিসেবে বিক্রির পরিকল্পনা করেন। সন্ন্যাসী সেন্ট নিকোলাস অভাবগ্রস্ত সেই বাবার পাশে দাঁড়ালেন। একসময় মেয়েদের বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ উপহার দিলেন। তাদের বিয়ে হলো। অসম্মানের হাত থেকে রক্ষা পেল তিন বোন। সেই থেকে তিনি খ্রিস্টান ধর্মের মানুষের কাছে শিশুদের রক্ষাকর্তা হিসেবে পরিচিতি পান।
Posted ৬:১৭ পিএম | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya