নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ৭:০৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে তার উস্কানিমূলক বক্তব্যদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে সরাইলের শাহবাজপুরে সচেতন ইসলাম প্রিয় জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে হেফাজত ইসলামের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে গতকাল সোমবার (১ জুন) বিকেলে শাহবাজপুরে দর্শকনন্দিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন রুমিন ফারহানা। ওই মানববন্ধনে রুমিন ফারহানা বলেন, যে রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ ও বলাৎকারের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেনো সিনেমা বন্ধে মদদ দেয়! আমরা গত দুই বছরের অভিজ্ঞতায় দেখেছি একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে; আমরা দেখেছি দক্ষিণপন্থা বা ডানপন্থা উগ্রবাদের উত্থান। কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশে সকালবেলা যেমন কোরআন তিলাওয়াত শুনেছি, তেমনি বিকেলবেলা হারমোনিয়াম নিয়ে ছোট-ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে- সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়?
সচেতন ইসলাম প্রিয় জনতার মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী, সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গতকাল সংসদ সদস্য রুমিন ফারহানা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখার সময় ইসলামের আজান ও ওয়াজকে নিয়ে কটূক্তি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেয়া হবে না। বক্তারা রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইসলাম নিয়ে কটূক্তি করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। এছাড়া ওইদিন রাতে কসবা উপজেলার তালতলা গ্রামে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠে।
Posted ৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya