ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিম পাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগে হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা বোরহান মিয়া পূর্বপাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহান মিয়া অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যেই চাপা ক্ষোভ ছিল। আজ রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে ফের তর্কে জড়ায় শিহাব ও বোরহান। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান তার লোকজনদের নিয়ে শিহাব ও তার বন্ধুদের উপর হামলা করে। এ ঘটনার পর দুই পক্ষের লোকজন রাতের আধারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।