কসবা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ১৬ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 8:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান চালিতে একটি কাভার্ডভ্যান ও দুইটি পিকআপে তল্লাশি করে চিনি গুলো জব্দ করে পুলিশ। এসময় চিনি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মাসুম পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. টিপু সরকার (৩০), একই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৫) ও বরিশালের গৌরনদী উপজেলার দয়াসুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে সোহাগ সরদার (২৫)।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে আসা চিনি উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় কাঠেরপুল হইতে কুটি বাজারগামী পাকা রাস্তায় একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপে তল্লাশি করে ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করা হয়।
এই ঘটনায় যানবাহন গুলো জব্দের পাশাপাশি ৪জনকে আটক করা হয়েছে। চিনি উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মহিউদ্দিন।
Posted ৮:০৯ পিএম | শুক্রবার, ১৬ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya