ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:24 pm
ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন হঠাৎ কোটিপতি বনে যাওয়া মুসাফির সৈয়দ বাচ্চু। বাচ্চু ‘লগে আছি ডটকম’র এমডি। তার ব্যবসায় লগ্নি করেছিলেন শুভ ও হাবু। কাবিলা অনেক বার তাদের বলেছিল যে বাচ্চুর ব্যবসায় লগ্নি না করে। এখন তাদের কি হবে? এমনই ঘটনা ঘটতে যাচ্ছে ইউটিউবে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চতুর্থ মৌসুমের সামনের পর্বে।
চলতি বছরের শুরুর দিকে ২০১৭ সালে শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। তুমুল জনপ্রিয়তার কারনে এই সিজনেও ইউটিউবে নাটকের পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। চলমান বিশ্বকাপে ফুটবল প্রেমীদের উন্মাদনার মধ্যেই গত ২১ নভেম্বর রাতে প্রচার হয় ‘ব্যাচেলরস ফুটবল’। নাটকটি প্রকাশের মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ হয়েছে। যা এখন প্রায় ১০ মিলিয়নের দ্বারপ্রান্তে। ভেঙে দিয়েছে নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমির নিজের রেকর্ডই।
সামনের পর্বে ‘লগে আছি ডটকম’র এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হন। বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্যটি প্রকাশ করে দর্শকদের টুইস্ট দেন অমি।
এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, এই নাটকে এলাকার সবার প্রিয় বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ঠিকঠাক ডেলিভারি না দেওয়ায় পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ‘লগে আছি ডটকম’-এ শুভ ও হাবু অনেক টাকা বিনিয়োগ করে। তবে দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কি ঘটে, সেটি জানতে হলে নাটকটি দেখতে হবে।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, চাষী আলম, সাবিলা নূর, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পারসা ইভানা, পাভেল প্রমুখ।
Posted ১০:২৪ পিএম | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya