ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 7:54 pm
বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। পাশাপাশি জাহানারা বেগমকে দলের মহিলাবিষয়ক সম্পাদক করা হয়েছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।’
এরপর তিনি আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির স্থলে (মহিলা বিষয়ক সম্পাদক) জাহানারা বেগমের নাম ঘোষণা করেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতিও। এছাড়া দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সিমিন হোসেন রিমির নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসায় নতুন করে দুজন নারীনেত্রী বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হলেন।
এদিকে, মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী। সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা রাবী চৌধুরী। দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।
Posted ৭:৫৪ পিএম | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya