ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২৯ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 10:01 pm
অবশেষে ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া আভাস শেষ পর্যন্ত সত্যি হলো। ঢাকায় বর্তমানে ভারতের নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রণয় কুমার ভার্মা।
অন্যদিকে, বিক্রম দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন বিক্রম দোরাইস্বামী।
শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতের নিযুক্ত হাইকমিশনার হিসেবে প্রণয় কুমারকে নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রণয় কুমার শিগগির ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
প্রণয় কুমার বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে, ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি।
১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন।
Posted ১০:০১ পিএম | শুক্রবার, ২৯ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya