জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 10:14 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে আব্দুর রশিদ (৫৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত মতি মিয়ার ছেলে ও সৌদি আরব প্রবাসী ছিলেন। তবে পুলিশের দাবি, কুপিয়ে হত্যার মতো তেমন কোন ঘটনা ঘটেনি। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে কুপানো হয়েছে।
নিহতের আপন চাচাতো ভাই তাহের মিয়া অভিযোগ করে বলেন, রসুলপুর শাহী নূর জামে মসজিদে দীর্ঘদিন যাবত উম্মেদ আলী সভাপতি ও সাবেক মেম্বার ফিরোজ মিয়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বুধবার বাদ মাগরিব মসজিদ কমিটির হিসেব নিকাশ নিয়ে গ্রামবাসীকে নিয়ে এক সভায় বসা হয়। এসময় স্থানীয় মৃত লিয়াকত মিয়ার ছেলে লিটন ও মৃত আনসার আলীর ছেলে জিল্লু মিয়া দাবি করেন তাদের বাড়ির সফর আলীকে মসজিদের সভাপতি করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বর্তমান সেক্রেটারি ফিরোজ মেম্বারের ভাতিজা প্রবাসী আব্দুর রশিদ। তিনি মাত্র ৫দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। লিটন ও জিল্লুর কথার পরিপ্রেক্ষিতে সভায় আব্দুর রশিদ বলেন মসজিদ কমিটি নিয়ে দলাদলির দরকার নাই, যে কমিটি আছে তা ই থাকবে। এনিয়ে তাদের সাথে আব্দুর রশিদের বাকবিতণ্ডা হয়। এরপর বাদ ঈশা আব্দুর রশিদের উপর তারা হামলা করে কুপিয়ে রক্তাক্ত করে। হাসপাতালে নিয়ে আসার পর আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, মারা যাওয়ার বিষয়টি সরাইল থানার ওসি আমাকে জানিয়েছেন, ‘মসজিদের হিসেব নিকেশ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়। সেখান থেকে আব্দুর রশিদ অসুস্থ অনুভব করায় তিনি বাড়িতে ফিরে যান। বাড়ি থেকে তাকে সরাইল উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মারা যাওয়ার পর সেই বেসরকারি হাসপাতালে সরাইল থানার ওসি উপস্থিত ছিলেন। ওসির ভাষ্যমতে, বেসরকারি হাসপাতালে মারা যাওয়ার পর মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হয়েছে। তারপরও যেহেতু একজন মারা গেছেন, অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকেও আটক করতে চেষ্টা করা হচ্ছে।
Posted ১০:১৪ এএম | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya