স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৩ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 8:56 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনেদুপুরে ছিনতাইকারীর হামলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন হারুন অর রশিদ নামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় আটক করা হয় জুনায়েদ আহমেদ (২৮) নামের এক ছিনতাইকারীকে। আহত এএসআই হারুন অর রশিদ সদর মডেল থানায় কর্মরত আছেন।
রোববার (০৩ জুলাই) বেলা ২টার দিকে জেলা শহরের দক্ষিণ পৈরতলা কাওয়ালীহাটি এলাকায় এই ঘটনা ঘটে। আটক জুনায়েদ দক্ষিণ পৈরতলা গ্রীণরোড এলাকার আলমগীর মিয়ার ছেলে। এসময় মোটরসাইকেল যোগে পালিয়ে যায় চিহ্নিত আরও দুই ছিলতাইকারী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, দুপুরে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে সদর মডেল থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কাওয়ালীহাটি এলাকায় মসজিদের কাছে তিন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ খবর পেয়ে সেখানে গেলে দুই ছিনতাইকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। জুনায়েদ নামে এক ছিনতাইকারীকে আটক করতে গেলে এসময় সে এএসআই হারুন অর রশিদের উপর ছুরিকাঘাত করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, আহত পুলিশের এএসআই হারুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে।
Posted ৮:৫৬ পিএম | রবিবার, ০৩ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya