স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৯ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 10:33 pm
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে গত দুইদিন ধরে পানি বন্দি হয়ে আছে প্রায় দুইশ পরিবার। এ সব পরিবারগুলো এখন নিরাপদ খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে।
মূলত গতকাল শনিবার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেলবাজার এলাকায় হাওড়া নদীর বাধ ভেঙে যাওয়ায় প্রবল বেগে পানি ঢুকে পড়ে গ্রামগুলোতে।
রোববার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, ঘরের ভেতর পানি না উঠলেও বাড়ি উঠোনে পানি জমে আছে। বাড়ির টয়লেট, রান্নাঘর ও টিউবওয়েলেও পানিতে তলিয়ে গেছে। পানির জন্য হাটবাজারেও যেতে পারছেন না। শুকনা খাবার খেয়েই দিন কাটছে পানি বন্দি পরিবারগুলোর।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মারমা জানান, ইতোমধ্যে ২৮টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। তাদেরকে নগদ টাকা ও চাল দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোকে আজ সন্ধ্যার মধ্যেই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এদিকে, আখাউড়া স্থলবন্দর সড়কের পাশে ব্যবসায়ীদের কার্যালয়গুলো আজও পানিতে তলিয়ে আছে। আর টানা বৃষ্টিপাতে ব্যহত হচ্ছে পণ্য রপ্তানি কার্যক্রম।
Posted ১০:৩৩ পিএম | রবিবার, ১৯ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya