আবুল হাসনাত মো. রাফি
প্রিন্ট
শুক্রবার, ২৭ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:50 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার এক মাত্র টিবি ক্লিনিক জেলা শহরের শেষ প্রান্তে মেড্ডায় অবস্থিত। জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় যক্ষা ও বক্ষব্যাধি রোগে আক্রান্ত রোগীরা এই ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসেন। এই ক্লিনিকের ইতিহাস অনেক পুরাতন। তবে স্বাধীন বাংলাদেশে এই বক্ষব্যাধি ক্লিনিকের বয়স ৫০ বছর। ৫০বছরেও এই ক্লিনিকে অ্যাম্বুলেন্স বরাদ্দ না পেলেও ড্রাইভার ঠিকই আছে। ড্রাইভার মোক্তার মিয়া দীর্ঘদিন যাবত ক্লিনিকে না এসে বেতন নিচ্ছেন নিয়মিত ভাবে। অথচ জেলার তিনটি উপজেলায় চালক সংকটে অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৩৭ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় তিতাস নদীর তীর ব্রিটিশদের স্বাস্থ্য কেন্দ্র হিসেবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২সালে এই প্রতিষ্ঠানটিকে টিবি ক্লিনিক বা যক্ষা ক্লিনিক হিসেবে চালু করে সরকার৷ দীর্ঘ ৫০বছর যাবত এই চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটিতে তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি। নেই কোন অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠার পর থেকেই। অ্যাম্বুলেন্স না থাকলেও টিবি ক্লিনিকে দীর্ঘদিন আগ থেকেই একজন ড্রাইভার বরাদ্দ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। মোক্তার মিয়া নামের সেই ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্লিনিকে না এসে বছরের পর বছর সরকারি বেতন উত্তোলন করে যাচ্ছেন। সরেজমিনে টিবি ক্লিনিকে গিয়েও এর সত্যতা পায় এই প্রতিবেদক। টিবি ক্লিনিকে থাকা হাজিরা খাতায় চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সাক্ষর থাকলেও এই ক্লিনিকের ড্রাইভার মোক্তার মিয়ার সাক্ষর গত কয়েক মাসের রক্ষিত খাতায় পাওয়া যায়নি। হাসপাতালের স্টাফরা জানান, কয়েকমাস পর পর এসে ড্রাইভার মোক্তার হাজিরা খাতায় সাক্ষর করে যান। নিয়মিত বেতন উত্তোলন করছেন ঠিকই।
এই বিষয়ে অ্যাম্বুলেন্স চালক মোক্তার মিয়ার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার আপন ভাই সিভিল সার্জনের ড্রাইভার মোস্তাক মিয়া জানান, আমার সাথে ভাইয়ের দীর্ঘদিন যাবত যোগাযোগ নেই। তিনি মাঝে মাঝে অসুস্থ থাকেন। উনার মোবাইল বন্ধ থাকে। আমিও তার সাথে যোগাযোগ করতে পারি না।
এবিষয়ে টিবি ক্লিনিকের ইনচার্জ ডা. মাহমুদা বেগম বলেন,টিবি ক্লিনিকে চালক পদ আছে। এখানে একজন চালকও আছেন। সে দীর্ঘদিন যাবত আসেন না। সে বেতন নিচ্ছে। তাকে আমরা চিঠি দিয়েছি। কিন্তু আমার কিছু করণীয় নেই। বিষয়টি আমরা সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি।
এদিকে, জেলার আশুগঞ্জ, সরাইল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স আছে৷ কিন্তু বিগত কয়েক বছর যাবত এসব অ্যাম্বুলেন্সের চালক নেই। ফলে সরকারি এসব অ্যাম্বুলেন্সে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগী পরিবহন করা যাচ্ছে না। বাইরে থেকে অতিরিক্ত ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে রোগী পরিবহনে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি অ্যাম্বুলেন্সের চালক নেই গত একবছর ধরে। আমি যোগদানের পর স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি চালক নিয়োগ দিতে। কিন্তু এখানো চালক দেওয়া হয়নি।
আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহা জানান, আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স ও আমার ব্যবহারের একটি জীপ গাড়ি রয়েছে। এরমধ্যে অ্যাম্বুলেন্সের কোন ড্রাইভার নেই। খুব জরুরী হলে আমার জীপের ড্রাইভার অ্যাম্বুলেন্স চালায়। আমি বিষয়টি স্বাস্থ্য বিভাগকে একাধিকবার অবগত করে চিঠি দিয়েছি।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জানান, অ্যাম্বুলেন্স চালক মোক্তার মিয়ার বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা তাকে চিঠি দিয়েছি। অচিরেই তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জেলার তিনটি উপজেলায় অ্যাম্বুলেন্স থাকলেও এসবের চালক নেই। স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আমরা ড্রাইভার চেয়ে চিঠি দিয়েছি।
Posted ৮:২০ পিএম | শুক্রবার, ২৭ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya