জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে। শুক্রবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি মৎস চাষীর নজরে আসে। এই ঘটনায় অন্তত ১২লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস চাষী।
ক্ষতিগ্রস্ত মৎস চাষী আবু বক্কর সিদ্দিকী জানান, আমরা এলাকার ১৮টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। এরমধ্যে শিমরাইল এলাকায় ১৫০ শতাংশের একটি পুকুরে গত ৬মাস যাবত রুই, কাতল, তেলাপিয়া, মৃগেল ও পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ফেলে চাষাবাদ করে আসছিলাম। শুক্রবার দুপুরের দিকে এই পুকুরের মাছ গুলো ভেসে উঠতে দেখি। পুকুরে নেমে দেখি সব মাছ মরে গেছে। পুকুরে একটি বোতল পেয়েছি, যাতে বিষ মেশানো ছিল।
তিনি আরও জানান, একমাস পর মাছ গুলো বিক্রয় করা যেত। বিষ প্রয়োগে মরে যাওয়া মাছের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ হবে। বিষয়টি আমরা থানায় মৌখিক ভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এই বিষয়ে মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। যে বা যারা পুকুরে বিষ প্রয়োগ করেছে অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছে। তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি আমরা অবগত হয়েছি। পুকুরের মালিক লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১০:০৮ পিএম | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya