আবুল হাসনাত মো. রাফি
প্রিন্ট
শনিবার, ২৬ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 12:58 pm
আজ ২৬মার্চ। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ইসলামের তান্ডবের নারকীয় দিন। ব্রাহ্মণবাড়িয়াবাসির জন্যে এক আতংকের দিন। ২০২১ সালের এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়। এদিন দুপুরের পর মাদরাসা ছাত্ররা প্রথমে হামলা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। এসময় রেলওয়ে স্টেশনের কন্ট্রোল প্যানেল, টিকেট কাউন্টার ও বুকিং কাউন্টারসহ সম্পূর্ণ স্টেশন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এরপর ২৬-২৮মার্চ পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১২জন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ৫৬টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি মামলার দায়ের করা হয়েছে। এরমধ্যে মামলায় ৪১৪জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়। মামলা গুলোর মধ্যে ১০টি মামলা সিআইডি, ৯টি পিবিআই, ২৭টি সদর মডেল থানা, ডিবিতে ৪টি, আশুগঞ্জে ৩, সরাইলে দুইটি ও রেলওয়ে থানায় একটি মামলা তদন্তাধীন আছে। কোন মামলায়ই অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এসব মামলায় গ্রেফতার হওয়া ৭৫৮জনে জামিনে আছে ৬৩৮জন।
হেফাজতের এই হামলার শিকার হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। এছাড়াও হামলার শিকার হয় সভাপতি রিয়াজ উদ্দিন জামি সহ অন্তত ৬জন সাংবাদিক। মামলার তদন্তের বিষয়ে বিস্ময় প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবে হামলার পর একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাটি তদন্তের দায়িত্বে পায় পিবিআই। মামলা শুরু থেকে আজ পর্যন্ত পিবিআইয়ের সদস্যরা গত একবছরে শুধুমাত্র একবার এসেছিলেন। প্রেসক্লাবের মতো একটি প্রতিষ্ঠানের হামলার মামলায় পিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে বিস্মিত হচ্ছি।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, দ্রুত সম্ভব এই নারকীয় হামলা গুলোর অভিযোগপত্র দেওয়া হোক৷ এসব অভিযোগপত্রে যেন সত্যিকারের যারা দোষী তাদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি প্রত্যাশা থাকবে কোন নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘আমাদের কাছে যেসব মামলা রয়েছে তা আমরা গুরুত্ব সহকারে দেখছি। সবগুলো মামলাই তদন্তাধীন আছে। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হবে’।
Posted ৮:০২ পিএম | শনিবার, ২৬ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya