ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৮ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 4:48 pm
আজ শুক্রবার রাতে পালিত হবে পবিত্র শবেবরাত। ফারসি শব্দগুচ্ছ ‘শবেবরাতের’ বাংলা ভাগ্যরজনি।এ রাতকে মুসলিম উম্মাহ পালন করেন মহিমান্বিত ভাগ্যরজনি হিসেবে। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, শাবানের ১৪ তারিখ রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয়।
শবেবরাতের আরবি লাইলাতুল বরাত। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এ রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, আমল। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমা লাভে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন শবেবরাতের রাতে। অনেকে মৃত স্বজনদের কবর জিয়ারত করেন।
শবেবরাত রমজানের আগমনী বার্তা। প্রস্তুতি হিসেবে অনেকে আজ রোজা রাখবেন। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে ইফতার বিতরণের রেওয়াজও রয়েছে। অনেক পরিবারে শবেবরাত উপলক্ষে হালুয়া-রুটি খাওয়ার প্রচলন রয়েছে। বিশেষত পুরান ঢাকায় রুটি-মাংস বিতরণের ধুম পড়ে শবেবরাতের সন্ধ্যায়।
শবেবরাত উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
শবেবরাত উপলক্ষে আগামীকাল শনিবার সরকারি ছুটি। এদিন সংবাদপত্র প্রকাশিত হবে না। এ উপলক্ষে সংবাদপত্রগুলোতে আজ প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ। সরকারি-বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
Posted ৪:৪৮ পিএম | শুক্রবার, ১৮ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya