জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১২ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক৷ প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বক্তব্যকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে সংজ্ঞা হারালে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘ প্রায় ৯বছর পর আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আল মামুন সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া, পৌর মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া ও পৌর মেয়র তাকজিল খলিফা। 
জানা গেছে, দুপুর একটার দিকে মঞ্চে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে যান আল মামুন সরকার। কিছুক্ষণ বক্তব্য রাখার পর তিনি অসুস্থ বোধ করেন। সম্পূর্ণ বক্তব্য না দিয়েই অসুস্থার কথা বলে আইনমন্ত্রীকে আহবান করে তিনি নিজ আসনে গিয়ে বসেন। পরক্ষণেই আত্মীয়ের মেডিকেল দলের চিকিৎসক জহির উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আত্মীয়ের সংগঠক শাহাব উদ্দিন বেগ শাপলু মঞ্চে যান। তাঁরা আল মামুন সরকারকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে সংজ্ঞা হারালে শাহাব উদ্দিন বেগ কোলে আল মামুন সরকারকে মঞ্চ থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে অ্যাম্বুলেন্সে তুলেন। পরে তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সংগঠনের সদস্যরা। সেখান থেকে আল মামুন সরকারকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, তাৎক্ষণিক তাঁর ইসিজি করা হয়েছে। তাঁর অক্সিজেনের ও ডায়াবেটিকসের মাত্রা ভালো ছিল। তবে পানি শূন্যতায় রক্তে নিম্ন রক্তচাপের কারণে তিনি সংজ্ঞা হারান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
আত্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী বলেন, আমরা রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের জন্য প্রায় পাঁচ হাজার চেয়ার বসানো হয়েছে। এখানে মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেই মেডিকেল সেন্টার খুলেছিলাম। আমার উদ্যোগটি কাজেও লেগেছে। আজ অনেকেই সংজ্ঞা হারিয়েছেন। প্রায় শতাধিক মানুষকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি।
প্রায় চার বছর ধরে স্বেচ্চায় রক্তদানসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছে আত্মীয় সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ায় প্রায় ৫-৮হাজার মানুষের সমাগম ঘটে। সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিতেই আত্মীয় সংগঠনের সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রাথমিক চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল কেন্দ্র স্থাপন করেন।
Posted ১০:০৮ পিএম | শনিবার, ১২ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya