জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 12:18 am
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে একটি মামলায় বড় বোনের পরিবর্তে ছদ্মনামে ছোট বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত (৩২) সাক্ষী দিতে গিয়ে এজলাসে ধরা খেলেন। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।আটক জান্নাত জেলা শহরের পশ্চিম মেড্ডা মার্কাজপাড়া এলাকার মৃত নূর এ মুসলিমের মেয়ে। সন্ধ্যায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল জানান, আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার সাক্ষী গ্রহণ চলছিল। বাদি পক্ষে সাক্ষী দেওয়ার কথা ছিল আলেয়া বেগম আলো নামের এক নারীর। আদালতের এজলাসে সাক্ষী দিতে আসা এক নারী নিজেকে আলেয়া বেগম আলো নামে পরিচয় দিতে আসেন। কিন্তু বিবাদী পক্ষের আইনজীবী উজ্জ্বল মিয়া তাকে দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি আপত্তি জানালে ওই নারীর পরিচয়পত্র দেখাতে বলেন। পরবর্তীতে শনাক্ত হয় সেই নারী আলেয়া বেগম আলো নয়, তার আপন ছোট বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। এই ঘটনায় মাননীয় আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমার মতামত জানতে চান। আদালত যা সিদ্ধান্ত দেন তার সাথে আমরা সম্মতি জানায়।
বিবাদী পক্ষের আইনজীবী উজ্জ্বল মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত একটি মামলার আজ সাক্ষীর তারিখ ছিল। সাক্ষী আলেয়া বেগম আলো সমাজে পরিচিত। কিন্তু এজলাসে সাক্ষী দিতে আসা নারী নিজেকে আলো পরিচয় দিলে আমার সন্দেহ হয়। আমি বিজ্ঞ আদালতে আপত্তি জানালে বিচারক তার পরিচয়পত্র দেখাতে বলেন। ওই নারী আলেয়া বেগম আলো নাম লেখা অস্পষ্ট ছবির চেহারার একটি আইডি কার্ড আদালতে দেখান। এতে বিজ্ঞ আদালত আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করার জন্য বলেন। এর দীর্ঘক্ষণ পর সে তার আসল পরিচয় জান্নাতুল ফেরদৌস বলে জানান। এই ঘটনায় সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, আদালত থেকে ওই নারীকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়। আমরা তাকে কারাগারে প্রেরণ করেছি।
Posted ৯:১৭ পিএম | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya