জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৫ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:24 pm
অবশেষে বহুল প্রতীক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝে বেশ কয়েকবার সম্মেলনের তোড়জোড় দেখা গেলেও শেষ পর্যন্ত আর সম্মেলন হয়নি। আগামী ২৮ মে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শনিবার (০৫ মার্চ) জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এই বিশেষ বর্ধিত সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
জেলা শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে বেলা ১১টা থেকে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভা বিকেল ৪টা পর্যন্ত চলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন জানান, বিশেষ বর্ধিত সভায় ২৮ মে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যেসব উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলোর সম্মেলন করে কমিটি দেওয়ার সিদ্ধান্ত হয়।
তিন বছর মেয়াদি কমিটি নিয়ে সাত বছরেরও বেশি সময় পার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। গত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।
তবে তিন বছর মেয়াদি ওই কমিটি নতুন করে আর সম্মেলন করতে পারেনি। এর ফলে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সাংগঠনিক কার্যক্রম।
Posted ৮:২০ পিএম | শনিবার, ০৫ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya