জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 1:51 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ সচিবকে সাথে নিয়ে মাদক সেবন করে বেকায়দায় পড়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান। তাদের দুইজনের মাদক সেবনের ভিডিও উপজেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে পৌঁছেছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গত ২৪ জানুয়ারি এই নোটিশ জারি করা হলেও বিষয়টি অনেকটা গোপন রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল জেলার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করা হয় লুৎফর রহমান (লাল মিয়া) কে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। শেষ পর্যন্ত আর কোন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করায় লুৎফর রহমান (লাল মিয়া) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১১জানুয়ারি তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর বড়িকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভার গ্রহণ করেন। এরপর থেকে প্রায় সময়ই মাদকাসক্ত অবস্থায় দেখা যায় লুৎফর রহমানকে। সম্প্রতি পার্শ্ববর্তী সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব জগলুল আহমেদের সাথে চেয়ারম্যান লুৎফর রহমানের মাদক সেবনের ভিডিও ফেসবুক ম্যাসেঞ্জারে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, সচিব জগলুল আহমেদ মাদকের বোতল ভেঙে ঢালছেন। এরপর চেয়ারম্যান লুৎফর রহমান ও সচিব সেই মাদক সেবন করছেন। তাদের মাদক সেবনের ভিডিও স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল ও উপজেলা প্রশাসনের হাতে পৌঁছে। এরই প্রেক্ষিতে এমপি এবাদুল করিম বুলবুল নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিককে ব্যবস্থা নিতে মৌখিক নির্দেশ দেন। এই নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান ও সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদ সচিব জগলুল আহমেদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, মাদক সেবন করার কারণে কেন তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না, তা ৩ কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের অনুরোধ জানানো হয়েছে।
এই বিষয়ে জানতে বড়িকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান (লাল মিয়া) মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
তবে সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব জগলুল আহমেদ বলেন, আমাদের সাথের কেউ ভিডিও করেছে। এমপি সাহেবের কাছে সেই ভিডিও পাঠিয়েছে। আমরা লিখিত জবাব দিব।
Posted ১:৫১ পিএম | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya