স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সবুজ প্রকল্পের অচলাবস্থা নিরসন করে দ্রুত পানি অবমুক্তকরণের দাবিতে ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আশুগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটি,ব্রাহ্মণবাড়িয়া।
তিন দফা দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিসমূহ হচ্ছে,সবুজ প্রকল্পের ভরাটকৃত কুলিং ওয়াটার রিজার্ভার পুকুর দ্রুত পুণঃখনন,বিকল্প পন্থায় আগামি ১৫ জানুয়ারির মধ্যে সেচ প্রকল্পের পানি অবমুক্তকরণ এবং নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্থায়ী অবকাঠামো নির্মাণসহ প্রকল্প এলাকা সম্প্রসারণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটির যুুুুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ ও হোসাইন আহমেদ তফছির, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক অ্যাডভোকটে আবদুন নূর, জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসির, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ প্রমুখ।
প্রসঙ্গত, নির্মাণাধীন আশুগঞ্জ আখাউড়া স্থলবন্দর সড়কের চারলেনে নির্মাণ কাজের জন্য গত বছর থেকেই সবুজ প্রকল্পের স্বাভাবিক সেব সুবিধা ব্যাহত হয়। চলতি বছর বোরো মৌসুম শুরু হলেও এখনো সবুজ প্রকল্পের পানি অবমুক্ত করা হয়নি। এতে প্রকল্প এলাকার ১৬ হাজার হেক্টর জমির সেচসুবিধা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে এবং প্রায় ৩৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। ধান উৎপাদন ব্যাহত হবে প্রায় ৭০ হাজার মেট্রিক ধান । যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আগামি ১৬ জানুয়ারি পানি অবমুক্ত করা হবে।
Posted ৭:২১ পিএম | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya