জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১০ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে। ২০২১সালের ৩ জানুয়ারি আগে আশুগঞ্জের বৈকন্ঠপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বাকশক্তি হারিয়ে ফেলে শিশুটি। আজ সোমবার (১০জানুয়ারি) দুপুরে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেয় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ও হাসপাতালের আবাসিক চিকিৎসক হিমেল খান প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পর আশুগঞ্জ থানা পুলিশ রেললাইনের পাশ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটির শারীরিক অবস্থা অবনতি দেখে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর প্রায় ২৫দিন পর শিশুটির জ্ঞান ফিরে কিন্তু সে বাকশক্তি হারিয়ে ফেলে এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে শিশুটির চিকিৎসা চলছিল। সেখানে হাসপাতালের পরিছন্নতা কর্মী উজ্জ্বল খান শিশুটিকে সেবাযত্ন করে লালন পালন করছিলেন। এক বছরেরও শিশুটির পরিবারের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এনিয়ে জাগোনিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আজ রোববার সকালে শিশুটির মা ও তার নানী হাসপাতালে তাকে সনাক্ত করেন। পরিচয় হিসেবে জন্ম নিবন্ধন ও মায়ের সাথে একটি ছবি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে যাচাই-বাছাইয়ের করে দুপুরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।
শিশুটির নানী আমিনা বেগম জানান, শিশুটির নাম শরীফ মিয়া। সে মায়ের একমাত্র সন্তান। শিশুটির মায়ের মানসিক সমস্যা আছে। তাই শরীফ মায়ের গর্ভে যখন ৮মাসের, তখন তার বাবা তাদেরকে ফেলে চলে যায়। আমি তাদেরকে নিয়ে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে বসবাস করে ভিক্ষা করে চলছি। তিনি জানান, শিশু শরীফ নিখোঁজ হওয়ার পর অনেক জায়গায় খোঁজ করেছি। দীর্ঘপর হাসপাতালে এসে তার সন্ধান পেলাম।
২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান জানান, শিশুটিকে নিজের সন্তানের মতো হাসপাতালের এক স্টাফ লালন পালন করছিলেন। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটিকে লালন পালন করা হাসপাতালের পরিছন্নতা কর্মী উজ্জ্বল খান আবেগাপ্লুত হয়ে বলেন, শিশুটিকে নিজের সন্ধানের চেয়েও বেশি স্নেহ করে সেবাযত্ন করেছি। তার প্রতি আমার ভালবাসা উজাড় করে দিয়েছে। এখন তার পরিবার এসেছে নিতে। মায়ের কাছে তো তার সন্তানকে ফিরিয়ে দিতেই হবে। দোয়া করি সে যেন সবসময় ভাল থাকে।
Posted ১০:০০ পিএম | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya