আবুল হাসনাত মো. রাফি
প্রিন্ট
বুধবার, ০৬ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 1:22 pm
মারা যাওয়ার ২০মাস পর দেশে এনে দাফন করা হয়েছে আরিফ মিয়া (৩০) নামের এক প্রবাসীর মরদেহ। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আরিফ মিয়া জেলা শহরের কাজীপাড়ার মৃত জালু মিয়ার ছেলে।
এরআগে বুধবার সকালে তার নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা প্রবাসী আরিফের মরদেহটি এসে পৌছে। এসময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
প্রবাসী আরিফের বড় ভাই মো. আবু সালেক জানান, আরিফ দেশে কনফেকশনারির ব্যবসা করতেন। সে এক ছেলে ও দুই মেয়ের জনক। ২০১৯সালের ডিসেম্বরে আরিফ মিয়া সৌদি আরবে পাড়ি জমান। সেখানে হাইল নামক এলাকায় একটি কোম্পানি কাজ শুরু করেন। যাওয়ার আড়াই মাস পর অতিরিক্ত ডায়াবেটিস সহ নানান রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আরিফ মারা যান।
তিনি আরও জানান, মৃত্যুর আগে আরিফের শেষ ইচ্ছে ছিল মারা গেলে তাকে যেন বাড়িতে এনে কবর দেওয়া হয়। আমরা মৃত্যুর খবর জেনে সৌদি আরবে তার কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ রাখি, যেন দেশে এনে তাকে দাফন করা হয়। কিন্তু করোনার মহামারীর লকডাউনের কারণে জটিলতায় আরিফের মরদেহ দেশে আনা যাচ্ছিল না। গত প্রায় ২০মাস যাবত তার সৌদি আরবের হাসপাতালের মর্গে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল।
আবু সালেক আরও জানান, অবশেষে আজ বুধবার সকালে মরদেহ বাড়িতে এসে পৌছায়। বাদ যোহর জেলা শহরের উত্তর মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে। এই কবরস্থানেই গত ৫দিন আগে আমাদের বড় ভাই শাহ আলম মারা যাওয়ার তাকে দাফন করে গেছি।
Posted ১০:০৩ পিএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya