স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:49 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের একটি সেতুর উপর থেকে মো. রাজু মিয়া (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল সেতুর উপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মো. রাজু মিয়া জেলা সদরের ভাদুঘর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। সে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া চলাচলকারী ‘রয়েল সার্ভিস’ নামের এক বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে,হাসপাতালে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণার পর হাসপাতাল থেকে ছিনিয়ে বাড়িতে নিয়ে যেতে চায় তার এলাকার লোকজন। তারা মরদেহ ময়নাতদন্ত করতে অপরাগতা প্রকাশ করেন। এসময় উপস্থিত পুলিশের সাথে বাকবিতন্ডায় হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালে হানিফ নামের এক যুবক জানান, আমি মোটরসাইকেল যোগে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে জেলা শহরের দিকে ফিরছিলাম। পথিমধ্যে রামরাইল সেতুর উপর কয়েকজন মানুষকে একটা কিছু ঘিরে দাড়িয়ে থাকতে দেখে মোটরসাইকেল থামিয়ে কাছে যাই। সেখানে গিয়ে দেখি একটি ছেলে অচেতন হয়ে পড়ে আছে। উপস্থিত লোকজন জানায়, এই ছেলেটিকে একটি বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। আমি ৯৯৯’এ কল দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ইসিজি করে সে মারা গেছে বলে জানায় চিকিৎসক।
২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান মিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার প্রায় দুই ঘন্টা আগে তরুণটি মারা গেছেন। আমরা ইসিজি করে তার মৃত্যু নিশ্চিত করি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তাৎক্ষণিক খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে যায় হাইওয়ে থানা পুলিশ। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে’।
Posted ৭:৪৯ পিএম | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya