স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 4:54 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত তরুণ জয় সাহা(২০) অবশেষে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। জয় সাহা জেলা শহরের পাইকপাড়ার লিটন সাহার ছেলে। গত ২৭ আগস্ট মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয় জয় সাহা। এ ঘটনায় নিহতের কাকা লিটন কুমার সাহা বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী টিটু কুমার সাহা অভিযোগ করে বলেন, এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকা কয়েক যুবককে প্রায়ই বাঁধা দিতো জয় সাহা। এ ঘটনার জের ধরে গত ২৭ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিমেল, ফাহিম, সাগর, দীপ, বিবেক, হরিসহ আরো সাত-আটজন মিলে জয়ের উপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে জয়কে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় দুপুরে মামলার চার নম্বর আসামি দীপকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ১১:১৫ পিএম | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya