স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ৩০ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:15 pm
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে সোমবার রাত ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সোমেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ রায় প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, করোনাভাইরাসের কারনে এ বছর জন্মাষ্টমীর অনুষ্ঠান সীমিত করা হয়েছে। আপনাদের অনুষ্ঠানে আমরা এসেছি আনন্দ ভাগ করার জন্য।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সকলে মিলে শুভ জন্মাষ্টমীর শুভক্ষণে প্রার্থনা করব আমরা যেন এই মহামারী থেকে মুক্ত হতে পারি।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শহরের রাধামাধব মন্দিরে ইসকন এর উদ্যোগে আলোচনা সভা, অভিষেকসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মের লোকজন সকাল থেকে রাত পর্যন্ত উপবাস করেন। পরে পূজা অর্চনা শেষে ফলমূল, মিষ্টি, প্রসাদ গ্রহন করেন।
Posted ১০:১৫ পিএম | সোমবার, ৩০ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya