স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৮ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:11 pm
৫৭ বছরের মোমেনা বেগম। ব্রাহ্মণবাড়িয়া শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলের ছিলেন এমএলএসএস পদে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। শুক্রবার সকালে স্বামী আবু সাঈদের সাথে অসুস্থ এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরে। বিকেলে বাড়িতে ফেরার সময় বালু বোঝাই ট্রলারের সাথে নৌকা ডুবিতে মারা গেলেন মোমেনা। কিন্তু স্বামী বৃদ্ধ
আবু সাঈদ প্রাণে বেচেঁ যান। শনিবার সকালে দক্ষিণ পৈরতলায় নিজ বাড়ি সংলগ্ন কবর স্থানে মোমেনার দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতের ছোট ছেলে ফাহিম জানান, ‘আমাদের এক আত্মীয়কে দেখে ফেরার পথে নৌ দূর্ঘটনায় মা মারা গেছেন। আমার বাবা প্রাণে বেঁচে গেছেন। চোখের সামনে স্ত্রীর মৃত্যু দেখে বাকরুদ্ধ বৃদ্ধ বাবা’। তিনি আরও জানান,’আমার বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় কোন কাজ কর্ম করতে পারেন না। আমরা তিন ভাই ও এক বোন। মায়ের চাকরির বেতনে যে টাকা আসে, তা দিয়ে আমাদের সংসার চলতো। দীর্ঘদিন তিনি গার্লস হাই স্কুলে চাকরি করেছেন। আর সাড়ে তিন বছর পর তিনি অবসরে চলে যেতেন। আমাদের এই সংসার তার হাতে গড়া। বিয়ের উপযুক্ত একমাত্র বোনও রয়েছে। কি করবো ভেবে পাচ্ছি না। আমার বড় ভাইটি টাইলস ফিটিংয়ের কাজ শিখছেন। আমি নিজেও বেকার’।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান শিশু নাশরার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কিশোরগঞ্জ থেকে উদ্ধার কাজ চালাতে দমকল বাহিনীর ডুবুরির দল রাতে এসে যোগদান করে। রাত ২টা পর্যন্ত তারা অভিযান চালিয়ে সাময়িক বন্ধ রাখে। ৬ঘন্টা বিরতি দিয়ে শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছে তারা। উদ্ধার কাজ শুরু করার দুই ঘন্টা পর একটি শিশুর মরদেহ উদ্ধার করে ডুবুরিরা’।
এরআগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটে।
Posted ৯:১১ পিএম | শনিবার, ২৮ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya