জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মো. হামিদ হোসেন (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষককে কবর দেওয়ার পর পরই খবর আসে প্রবাসে থাকা তার ছেলে সোহেল মিয়া (২৬) মারা গেছেন। মঙ্গলবার (২৪ আগষ্ট) ভোরে হামিদ হোসেন জেলা শহরের কুমারশীল মোড়ে নিউ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। একই দিন সাইপ্রাসের একটি হাসপাতালে তার ছেলে সোহেল মিয়া বাংলাদেশ সময় ৮টায় মারা যান।
উপজেলা কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা বাজার এলাকার বাসিন্দা হামিদ হোসেন কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। মঙ্গলবার দুপুরে বাবাকে কবর দেওয়ার পর পরই প্রবাসে ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, অঅবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. হামিদ হোসেন শ্বাসকষ্টজনিত নিয়ে গত ২০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের কুমারশীল মোড়ে নিউ ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন।
অন্যদিকে ২৭ জুলাই তার ছেলে সোহেল সাইপ্রাসে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তাকে দ্রুত সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা ভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে সোহেলকে অন্য আরেকটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেই হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শিক্ষক হামিদ হোসেনের ভাতিজা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান মিয়া বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমার চাচাকে কবরে রেখে বাসায় আসার পরই ফোন আসে সাইপ্রাসে আমার চাচাতো ভাই সোহেল মারা গেছেন। তিনি আরও জানান,’ তিন বোন দুই ভাইয়ের মধ্যে সোহেল পরিবারের দ্বিতীয় সন্তান। ৭ বছর আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস পাড়ি জমান সোহেল। পড়ালেখার পাশাপাশি সাইপ্রাসের লিমাসলে ডলসি ক্লাবে কাজ করতেন তিনি। গত বছর মোবাইলে দেশে বিয়েও করেন তিনি। বিয়ে করলেও এখনো দেশে আসা হয়নি তার। এ বছর দেশে আসার কথা থাকলেও করোনায় তার সে ইচ্ছা আর পূরণ হলো না’।
উপজেলার কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একসঙ্গে তাদের দুজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। আমি হামিদ স্যারের সঙ্গে দুই যুগ শিক্ষকতা করেছি। উনার ছেলে সোহেলও আমার সরাসরি ছাত্র ছিল।
Posted ৯:৩৯ পিএম | বুধবার, ২৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya