স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:03 pm
করোনার করাঘাতে জনজীবন যখন বিপর্যস্ত, তখনই আবার এই করোনার টিকা প্রাণবন্ত করে তুলছে মানুষকে। অন্তত প্রান্তিক জনগোষ্ঠিকে টিকার আওতায় আনতে সরকারের ঘোষিত গণটিকাদান ক্যাম্পেইনে টিকা নিতে আসা মানুষের অনুভূতি এমনই। শনিবার (৭ আগস্ট) সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবের আমেজে চলছে গণটিকাদান ক্যাম্পেইন। এই আমেজ অনেকটাই ভোট উৎসবের মতো।
সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও সকাল ৭টা থেকেই মানুষজন কেন্দ্রে এসে ভিড় জমাতে থাকেন। প্রতিটি টিকাকেন্দ্রেই মানুষজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে টিকার জন্য নারীদের আগ্রহ সবচেয়ে বেশি। কেউ কেউ দুই ঘণ্টা কেউ আবার তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর পাচ্ছেন বহুল কাঙ্খিত করোনার টিকা। এই টিকায় ভর করে আবারও সুস্থ্য পৃথিবীতে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার প্রত্যাশা সবার।
সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়া এলাকার হুমায়ূন কবির পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা নিয়েছেন ৭৮ বছর বয়সী সুনীতি রায়। ছেলে বাদল রায়ের সঙ্গে টিকা কেন্দ্রে আসেন তিনি। টিকা নেওয়ার পর আনন্দ প্রকাশ করে জানান, মহামারির দুঃসময় কাটিয়ে উঠে আবারও মানুষ প্রাণভরে নিঃশ্বাস নেবে, হাসবে মন খুলে। এজন্য সবাইকে টিকা নেওয়ার কথা বলেন তিনি।
সুনীতি রায়ের ছেলে বাদল রায় বলেন, মায়ের বয়স বেশি হওয়ায় প্রথম দিকে টিকা দেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। বাড়ির লোকজন টিকায় সায় দিচ্ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে টিকা ছাড়া কোনো উপায় নেই। মা-ও চাইছে টিকা নেওয়ার জন্য। সেজন্য গণটিকাদান ক্যাম্পেইনে এসে টিকা দিয়েছি মাকে।
সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ টিকাকেন্দ্রে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা ভারতীয় রাণী সরকারের। তিনি জানান, সকাল সাড়ে ৭টায় টিকা নেওয়ার জ্যন স্বামী কানু সরকারের সঙ্গে কেন্দ্রে আসেন। কেন্দ্রে এসেই অনেকটা ভোটের আমেজ দেখছেন তিনি। তবে স্বামী টিকা নিতে পারলেও সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রের বুথের সামনেই পৌঁছাতে পারেননি ভারতী। এতোদিন ভয়ের কারণে টিকা না নিলেও এখন নিজের এবং পরিবারের সবার সুরক্ষার জন্য টিকা নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন তিনি।
মন রঞ্জন দাস নামে ৬৮ বছরের বৃদ্ধ জানান, টিকার জন্য তার ছেলে নিবন্ধন করে দিয়েছেন। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসে দেড় ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর তিনি টিকা নিতে পেরেছেন। টিকা নেওয়ার পর তার মনে অন্যরকম অনুভূতি কাজ করছে। কেন্দ্রে একসঙ্গে এতো মানুষ দেখে নির্বাচনের মতো মনে হয়েছে। সবার মাঝেই টিকার জন্য আগ্রহ দেখেছেন বলে তিনি।
একদিনের গণটিকাদান ক্যাম্পেইনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইউনিয়ন ও পৌরসভার এলাকাগুলোতে ১১০টি অস্থায়ী টিকাকেন্দ্র করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে বুথ রয়েছে ৩০৬টি। বুথগুলো থেকে আজকে ৬১ হাজার ২০০ জনকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সকাল ৯টা থেকে শুরু হওয়া গণটিকাদান ক্যাম্পেইন বিকেল ৩টা পর্যন্ত চলবে। আগে যারা নিবন্ধন করেছেন, তারাই আজকে টিকার প্রথম ডোজ নিতে পারবেন। টিকা প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪ থেকে আবারও গণটিকাদান ক্যাম্পেইন শুরু হতে পারে।
Posted ৯:০৩ পিএম | শনিবার, ০৭ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya