স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 11:31 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নওয়াব মিয়া (৬০) নামের ব্রাজিলের সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকেরা। মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নওয়াব মিয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।
নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া জানান, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। পরে নওয়াব মিয়াকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ বলেন, আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে নওয়াব মিয়া আহত হয়েছে বলে তিনি জানান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১১:৩১ পিএম | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya