স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১২ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:14 pm
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের পর বদলী হওয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমের স্থলাভিষিক্ত হলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরানুল ইসলামকে। বুধবার (১২ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাঁকে সদর মডেল থানায় পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) ওয়ারী জোনে পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে পরিদর্শক এমরানুল ইসলামকে সদর মডেল থানায় পদায়ন করার পর তিনি দায়িত্বভার বুঝে নিয়েছেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনার পর জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এএমএম নাজমুল আহমেদ ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেনকে বদলী করা হয়।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। এসব ঘটনায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মামলায় ৪১৪জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে।
Posted ১১:১৪ পিএম | বুধবার, ১২ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya