স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১
সর্বশেষ আপডেট : 4:05 am
হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনার পর গত ২৩ এপ্রিল দল থেকে পদত্যাগ করেন হেফাজত নেতা মুফতী আব্দুর রহিম কাসেমী। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের বিভিন্ন প্রোগ্রামে তাকে না ডাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের বিরোধীতা করেন। এরপর থেকেই গ্রেফতার এড়াতে মুফতী আব্দুর রহিম কাসেমী দল থেকে পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। এই ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪জনের নাম উল্লেখ করে ৩৫হাজার অজ্ঞাত আসামী করা হয়েছে।
Posted ৫:৩৮ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya