স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৪ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 8:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সরকারি ঘোষিত লকডাউনেও সচল থাকবে। তবে আজ বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশে পহেলা বৈশাখ, আগামীকাল বৃহস্পতিবার ভারতে পহেলা বৈশাখ ও এর পরদিন শুক্রবার থাকায় এই তিনদিন পণ্য আমদানি-রপ্তানী বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি জাগোনিউজকে বলেন, দেশব্যাপী ঘোষিত এক সপ্তাহের লকডাউনে আখাউড়া স্থলবন্দরে পণ্য রপ্তানী স্বাভাবিক থাকবে। রপ্তানি পণ্যের গাড়িগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে বলে পণ্য রপ্তানী কোন সমস্যা হবে না। তবে আজ বুধবার আমাদের পহেলা বৈশাখ থাকায় কোন প্রকার পণ্য রপ্তানী করা হচ্ছে না, আগামীকাল (১৫ এপ্রিল) ভারতে পহেলা বৈশাখ থাকায় ব্যবসায়ীরা জানিয়েছেন কোন পণ্য তারা নিবেন না, এছাড়া এরপর দিন শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন। শনিবার সকাল থেকে যথারীতি পণ্য রপ্তানী শুরু হবে। তবে বন্দর দিয়ে ব্যবসায়ী ও চিকিৎসা ভিসার যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, এই স্থলবন্দর দিয়ে শুঁটকি, হিমায়িত মাছ, সিমেন্ট, সয়াবিন, প্লাস্টিক পণ্য, কয়লাসহ প্রায় ৪২টি পণ্য রপ্তানি করা হচ্ছে। আর নামে মাত্র আমদানি হচ্ছে বোল্ডপাথর, সিএনজি অটোপার্টস, ফুলের ঝাড়ু, সাতকরা, তরল রাবারসহ কয়েকটি পণ্য। তবে চাহিদা না থাকায় এসব পণ্য আমদানিতে আগ্রহ ছিল না বাংলাদেশের ব্যবসায়ীদের। এরই মধ্যে ভারতের ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দেওয়ায় বন্দরটি হয়ে ওঠে শতভাগ রপ্তানিমুখী। সম্প্রতি এই বন্দর দিয়ে ভারতীয় পণ্য শতভাগ আমদানি করা প্রক্রিয়া শুরু হয়েছে।
Posted ৮:৫৬ পিএম | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya