স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:27 pm
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা গ্রামের ছেলে হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি মুকাভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নিখোঁজের ৯দিন পর গত রোববার ২৩মে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া যায় হাফিজুরের মরদেহ। তার মৃত্যু নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। হাফিজের পরিবার ও সহপাঠীরা হাফিজকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।
হাফিজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে তার নিজ গ্রাম কসবা উপজেলার খাড়েরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে হাফিজের পিতা মুজিবুর রহমান উপস্থিত হয়ে বক্তব্যে বলেন, আমার ছেলে হাফিজ বিনা পয়সায় স্কুলে লেখাপড়া করেছে। সে এসএসসিতে এ প্লাস পেয়েছি। তার স্বপ্ন ছিল বিসিএস পাস করে বড় চাকরি কবে। সর্বশেষ যাওয়ার আগে আমার ছেলেটা বলেছিল,’আব্বা আপনি টেনশন করবেন না। আপনি কষ্ট করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। আপনি অসুস্থ হয়ে গেছেন। আমাকে নিয়ে আপনি অনেক বড় স্বপ্ন দেখেছেন, আমি তা পূরণ করবো’। আমার ছেলেকে হত্যার পর আমার সব আশা-আকাঙ্ক্ষা হত্যা করা হয়েছে। এই ঘটনায় আমি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর মাধ্যমে সঠিক বিচার দাবি করছি।
মানববন্ধনে হাফিজের বাল্যবন্ধু ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান অভি বলেন,’ হাফিজের মৃত্যু নিয়ে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিখোঁজের শুরু থেকে হাফিজের মৃত্যুর ৮দিন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা বলছে মিডিয়াকে জানানো হয়েছে, তাহলে বলুক কোন মিডিয়ায় জানিয়েছে তারা? হাফিজ কোন অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। তার দুইবন্ধু এর সাথে জড়িত৷
হাফিজের স্কুল খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন। এতে শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল হাই ভূইয়া, আবু আব্দুল্লাহ ভূইয়া, নূরুল আমিন ভূইয়া, হাফিজের ঘনিষ্ঠ বন্ধু চট্রগ্রাম ইসলামি ইউনিভার্সিটির ছাত্র ইকরাম হাসান, চাচাতো ভাই তরিকুল আফসার, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খাড়েরা গ্রামের সন্তানেরা, খাড়েরা মোহাম্মদী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
Posted ১১:২৭ পিএম | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya