আবুল হাসনাত মো. রাফি
প্রিন্ট
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে, নিহত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের মরদেহ ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তার সহযোগী বাদল সরকার (২৩) এর মরদেহ ময়নাতদন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। সর্বশেষ বিকেল পর্যন্ত এই ঘটনায় মামলা দায়ের করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে ৪টি ৭.৬৫ মিলিমিটার (এমএম) বোরের পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের এই গুলি ব্যবহৃত হয়েছে। এই ঘটনায় ৩২বছরের এক যুবকে আটক করা হয়েছে৷ তদন্তের স্বার্থে এখনই তার নাম-ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না।
তিনি বলেন, ২০১৯ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয় এরশাদুল হকের চাচাতো ভাই। সেই হত্যা মামলার বাদি ছিলেন এরশাদুল। এই মামলার অধিকাংশ আসামী এখন জামিনে রয়েছে। আমরা এই বিষয়টিকে সামনে রেখে তদন্ত এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, মোটরসাইকেলের হত্যাকাণ্ডের সময় এরশাদুল হকের ভাই পেছনে ছিল। তিনি হত্যাকারীদেরকে শনাক্ত করতে সহায় করতে পারবেন। এই হত্যাকাণ্ডের দু’টি মোটরসাইকেলে ৪/৫জন অংশগ্রহণ করে। তবে আমরা এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো বলে আশা প্রকাশ করছি।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত বাদল সরকারের বাম চোখের উপর গুলিবিদ্ধ হয়ে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। আর নিহত এরশাদুলের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। এরমধ্যে ডান কাধে গাড়ের উপরে এবং বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন।
উল্লেখ্য, জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশের ছেলে এরশাদুল হক (৩৫) আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। শুক্রবার রাতে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দূর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় তার সহযোগী বাদল সরকার (২৩)। নিহত বাদল সরকার ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে এরশাদুল হককে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে এরশাদ মারা যান।
Posted ৮:০৫ পিএম | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya