ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ৩০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 10:44 pm
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবছর দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ রোজা পূর্ণ পালন করবে। ফলে আগামী সোমবার (২ মে) সৌদিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগেই দেশটির নাগরিকরা কোথাও ঈদের চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
সৌদির সঙ্গে মিল রেখে একই দিন ঈদ উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো। তবে তাৎক্ষণিকভাবে এসব দেশের পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে, সৌদির আগে ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত করবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান বা শাওয়াল মাসের চাঁদ দেখা গেলো কি না তা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের অন্ত নেই। মাস দুটোর শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন রোজা শুরু বা শেষ হয়, বাংলাদেশে হয় তার পরের দিন। ফলে শনিবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর হয়ে রয়েছেন বহু মানুষ।
সৌদি আরবে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। আর তার পরের দিন, অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশিরভাগ দেশে। এসব দেশে ২৯ রোজা হলে সোমবার (২ মে) এবং ৩০ রোজা হলে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
Posted ১০:৪৪ পিএম | শনিবার, ৩০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya