স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০২ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে এসে নানা বিতর্কের জন্ম দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। সকাল ১০ টার পরিবর্তে বেলা ৩ টায় সম্মেলনে হাজির হওয়া ছাড়াও মাদকের হাটে ছুটে যাওয়া,পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
শুধু তাই নয় হত্যা মামলার আসামী এবং দলের শৃঙ্খলা ভঙ্গকারী এক উপজেলা চেয়ারম্যানের সাথে স্বাক্ষাৎ করেও সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। 
বৃহস্পতিবার(৩১মার্চ) নাসিরনগর উপজেলা ও কলেজ শাখার সম্মেলন শেষে ঢাকায় ফেরার পথে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের দপ্তরে চা-চক্রে মিলিত হন। এ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা করে এই ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কোন্দলে ২০১২ সালের ২১ অক্টোবর খুন হন সরাইল উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ। পরদিন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমত আলীসহ ২৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পরদিন উপজেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। দুই মাস পর পুলিশ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাছাড়া ২০১৯ সালের ৩১ মার্চ সরাইল উপজেলা পরিষদ নির্বাচন হয়। এতে হাই-কমান্ডের নির্দেশ অমান্য করে নৌকার বিরুদ্ধে গিয়ে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর। সর্বশেষ ইউপি নির্বাচনেও বিভিন্ন ইউনিয়নে দলের প্রার্থীদের প্রকাশ্যে বিরোধীতা করেন।
বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রে অভিযুক্ত সরাইলের তাহের উদ্দিন ঠাকুরের বংশধর সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের রফিক উদ্দিন ঠাকুরের সাথে স্বাক্ষাৎ করায় স্থানীয় নেতাদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। 
অনেকেই বলছেন স্বয়ং কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব যদি দলীয় নির্দেশনা ভঙ্গকারী কোন হত্যা মামলার আসামীর সাথে এমন সখ্যতা দেখায় তাহলে তৃণমূলে কি বার্তা পৌঁছায়? জয়-লেখকের এমন কান্ড দলের বিরুদ্ধে বিদ্রোহ করাকে পরোক্ষ সমর্থন বলেই কেউ কেউ দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, তার দপ্তরে কিসের প্রলোভনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক চা-চক্রে মিলিত হন তা আমাদের মাথায় আসে না। শেখ হাসিনার প্রতি নূন্যতম দায়বদ্ধতা থাকলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি এমন একজন দলীয় নির্দেশ অমান্যকারী, হত্যা মামলার আসামি, তাহের উদ্দিন ঠাকুরের বংশধরের সাথে দেখা করতে যেতে পারতেন না।
এই বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের মুঠোফোনে কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।
Posted ৮:১৭ পিএম | শনিবার, ০২ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya