স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৩ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 10:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক উদ্ধারে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সদস্যদের ওপর হামলা ঘটনায় ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (০২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় র্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হান্নান বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (০১ জুলাই) মধ্যরাতে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন র্যাব সদস্য আহত হন।
আহতরা হলেন, র্যাব-৯ শায়েস্তাগঞ্জের এএসআই মো. বকুল হোসেন ও নায়েক মো. তৌহিদুল ইসলাম। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ধরমণ্ডল গ্রামের ঠাকুরবাড়ি এলাকায় মাদক উদ্ধার অভিযানে আসেন র্যাব-৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। অভিযান চলাকালে আবু মিয়া (২৭), বাহার মিয়া (২৮) ও সাত্তার মিয়া (৩২) নামে তিন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইন, ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই লাখ ৮১ হাজার ১৭০ টাকাসহ আটক করেন র্যাব সদস্যরা।
পরবর্তীতে অভিযান শেষ করে আটকদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় স্থানীয় জনতা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এ সময় তারা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন র্যাব সদস্য বকুল ও তৌহিদুল।
এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, র্যাবের উপর হামলার ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ইউপি চেয়ারম্যানকেও আসামী করা হয়েছে। পুলিশ হামলায় জড়িত আসামীদের গ্রেফতারে করতে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে।
Posted ১০:৩৯ পিএম | শনিবার, ০৩ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya